চাকরিচ্যুতির প্রক্রিয়া বন্ধে রাষ্ট্রপতিকে ২০০ চিকিৎসকের স্মারকলিপি
রাষ্ট্রপতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে চাকরিচ্যুতির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন ২০০ জন চিকিৎসক। এ জন্য গতকাল রোববার বিকেলে তাঁরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতির একজন একান্ত সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন। গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিএসএমএমইউর ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন।স্মারকলিপিতে বলা হয়, ২০০৫ সালের ২২ অক্টোবর সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় অংশ নিয়ে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মেডিকেল কর্মকর্তা পদে এসব চিকিৎসক যোগ দেন। তবে ২০০৬ সালের ২ জানুয়ারি বিএসএমএমইউর শিক্ষক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান এই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। রিটের স্থগিতাদেশের ওপর শুনানি শেষে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভায় আইনসম্মতভাবে ২০০ মেডিকেল কর্মকর্তার পদ সৃষ্টি করা হয়। তাই এই ২০০ জনের নিয়োগ অবৈধ হবে না। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬তম সভায় এই চিকিৎসকদের নিয়োগ স্থায়ী করা হয়।কিন্তু সম্প্রতি মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়েছে। তাতে চাকরি হারাতে বসেছেন ২০০ জন চিকিৎসক। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান চিকিৎসকেরা।