চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গণ–অনশন শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গণ–অনশন শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে পুনরায় ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশসহ চার দাবি পূরণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে গণ–অনশন শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। আজ রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আবার গণ–অনশন শুরুর ঘোষণা দিয়েছে তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দাবিগুলো হলো চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করা, আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত নির্বাচনের সময় চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি বর্তমান সরকারের ইশতেহারে ছিল। ক্ষমতায় এলে অতি দ্রুত বয়সসীমা বাড়ানোর কথাও বলা হয়েছিল। গত ১ নভেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। তখনই দাবি জানানো হয়েছিল, ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তির আগেই যেন দাবিটি মেনে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বয়সসীমা না বাড়িয়েই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাই আবেদনের বয়স বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে এই গণ–অনশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই গণ–অনশন চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।