চাকরিতে প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান, নীতিমালা ও আন্তর্জাতিক সনদে প্রতিবন্ধীদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকার তাদের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে বিভিন্ন সময়। কিন্তু দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক বাধার কারণে প্রতিবন্ধীরা চাকরি পাচ্ছেন না। বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে সকল বৈষম্যের নিরসন চাই’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত চাকরির কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন, শিল্প, কলকারখানা ও বেসরকারি ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ, সরকারি কর্মকমিশনে (পিএসসি) পাঁচ শতাংশ কোটা বরাদ্দ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে চাকরির শর্ত শিথিলেরও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।