চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশী যুবসমাজ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশী যুবকেরা। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাকুরি প্রত্যাশী যুব প্রজন্ম’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তানভির হোসেন, মার্জিয়া মুন, মানিক রিপন, ডালিয়া আক্তার। তাঁরা দাবি করেন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা তাঁদের জীবন হতে প্রায় ২ বছর হারাতে বসেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণ ৮৭ শতাংশ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। এই করোনাকালে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী চাকরিতে প্রবেশের বয়সসীমা হারিয়েছেন।

করোনার শুরুতে যাঁদের বয়স ২৮ ছিল, তাঁরা এখন ৩০ এর কাছাকাছি। তাঁরা সরকারি চাকরিতে আবেদনের যোগ্যতা হারাতে চলেছেন শুধুমাত্র বয়সসীমা অতিক্রম হওয়ার কারণে। যাঁরা স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের চূড়ান্ত বর্ষে ছিলেন, তাঁরা শিক্ষাজীবন শেষ করতে পারেননি। তাই সব কিছু বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সবার জন্য স্থায়ীভাবে ৩২ বছর করতে হবে।

সম্মেলনে বক্তারা আরও বলেন, ইতোমধ্যে তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সরকারদলীয় গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

এ ছাড়া চাকুরিপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষ হতে প্রায় দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।