চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধির আন্দোলনে পুলিশের লাঠিপেটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন
ফাইল ছবি: প্রথম আলো

সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোসহ চার দফা দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামের একটি প্ল্যাটফর্মের ডাকা সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে।

আন্দোলনকারীরা বলছেন, লাঠিপেটায় ৮-১০ জন আহত হয়েছেন এবং অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানীর নীলক্ষেতে এ লাঠিপেটার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে৷ পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে নীলক্ষেত মোড় আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী। অবরোধে নীলক্ষেত এলাকায় তীব্র যানজট তৈরি হয়। রাস্তা ছাড়তে কয়েক দফা অনুরোধেও সাড়া না দেওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে কয়েক বছর ধরে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের একটি জোট সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। তাদের চার দফা দাবির অন্যগুলো হলো নিয়োগ দুর্নীতি-জালিয়াতি বন্ধ করা, নিয়োগ পরীক্ষার (প্রিলিমিনারি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফল প্রকাশ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা ও একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত পরীক্ষার ব্যবস্থা করা।

লাঠিপেটার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁদের বিক্ষোভ চলছিল। সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক এম এ আলী প্রথম আলোকে বলেন, ‘আজ নীলক্ষেত, শাহবাগ ও মিরপুরে ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একযোগে কর্মসূচি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেতে পুলিশ আমাদের ওপর লাঠিপেটা করে। নীলক্ষেত, শাহবাগ ও মিরপুরেও পুলিশ লাঠিপেটা করেছে।

লাঠিপেটায় ৮-১০ জন আহত হয়েছেন। এ ছাড়া আমাদের নেতা ইমতিয়াজ হোসেনসহ অন্তত ছয়জন পুলিশের হাতে আটক রয়েছেন।’
সন্ধ্যা পর্যন্ত রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি চলার কথা রয়েছে বলে জানান এম এ আলী।