চাকরির বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তাঁরা, আটক ৩০
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমন তথ্যের ভিত্তিতে আজ রোববার র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর নিকুঞ্জ এলাকায় চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব সূত্র জানায়, আজ সকাল ১০ টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। র্যাব-১ এর একটি দল রাজধানীর নিকুঞ্জ-২ এর আর কে চৌধুরী ইন্টারন্যাশনাল, এনএস এমএস প্রাইভেট লিমিটেড, ধানসিঁড়ি লজিস্টিক সার্ভিস ও আশীর্বাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেন। এই চার প্রতিষ্ঠান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়েছিল। এতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রত্যাশীরা ঢাকায় এসে ওই সব প্রতিষ্ঠানে আবেদন জমা দেন। প্রতিষ্ঠানের মালিকেরা চাকরি প্রত্যাশীদের প্রত্যেকর কাছ থেকে মেডিকেল সার্ভিস ও অফেরতযোগ্য জামানাতের কথা বলে ৫০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এদের মধ্যে চার প্রতিষ্ঠানের মালিকসহ ১৩ জন নিজেদের দোষ স্বীকার করায় তাঁদের তিন মাস থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত চলে।
প্রতারণার শিকার গোপালগঞ্জের শরিফ খান প্রথম আলোকে বলেন, তাঁরা দুই প্রতিবেশী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দেখে ধানসিঁড়ি লজিস্টিক সার্ভিসে চাকরির জন্য সাড়ে ১৭ হাজার করে টাকা দেন। কিন্তু প্রতিষ্ঠানটি চাকরি না দিয়ে ১০-১৫ দিন ধরে টালবাহানা করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আজ রাতে প্রথম আলোকে বলেন, প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে র্যাব অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। পরে আজ অভিযান চালানো হয়। আটক হওয়া ব্যক্তিরা চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছিলেন। এসব প্রতিষ্ঠানের কোনো লাইসেন্সও নেই। তাই দণ্ডপ্রাপ্ত ১৩ জনের বাইরে ১৭ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মানব পাচার আইন ও প্রতারণার অভিযোগে মামলা করা হচ্ছে।
সারওয়ার আলম জানান, সাজাপ্রাপ্ত ১৩ জনকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।