চানখাঁরপুল মোড়ে প্রকাশ্যে মাদক সেবন
চানখাঁরপুল মোড় থেকে নিমতলী গেট পর্যন্ত ফুটপাতটি দিন-রাত মাদকসেবীদের দখলে থাকে। মূল সড়কসংলগ্ন ফুটপাতে ভবঘুরেরা প্রকাশ্যে মাদক সেবন করে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ এসব দেখেও দেখে না।
চানখাঁরপুল মোড়ে নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সামনের ফুটপাতটি নিমতলী গেট পর্যন্ত বিস্তৃত। গত দুই দিন সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছোট দলে ভাগ হয়ে ১০ থেকে ১৫ ভবঘুরে নারী-পুরুষ প্রকাশ্যে মাদক সেবন করছেন। কেউ কেউ আবার পলিথিন শিট আর বস্তা ঝুলিয়ে একটু আড়াল তৈরি করে নিয়েছেন। গত সোমবার রাতে এবং গতকাল বুধবার দুপুরে গিয়ে একই দৃশ্য দেখা যায়।
পাশের এক দোকানের মালিক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাতটি মাদকসেবীদের দখলে। পথচারীরা ভয়ে ওই পথ দিয়ে যান না। তিনি বলেন, ‘মানুষ রাস্তা পার হইয়া এই পারের ফুটপাত দিয়া হাঁটে। আমরাও ওই পার দিয়া যাই না।’
নাম প্রকাশ না করার শর্তে চানখাঁরপুল এলাকার এক বাসিন্দা বলেন, বহু বছর ধরে এখানে প্রকাশ্যে মাদক সেবন চলছে। তিনি বলেন, ‘মাইনষে এই রাস্তার নাম দিছিল ডাইলপট্টি-হিরোইন পট্টি। পুলিশ সব জানে, দেখে। কিন্তু কিছু কয় না।’
চানখাঁরপুল এলাকাটি শাহবাগ থানার অধীনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, এই ভবঘুরেদের ফুটপাত থেকে নিয়মিত উচ্ছেদ করা হয়। তবু তারা বারবার ফিরে আসে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।