চাপাতির কোপে ছাত্রলীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কয়েকজন কর্মী গতকাল বৃহস্পতিবার জহুরুল হক হলের ছাত্রলীগের এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটরিয়ার সামনে এ ঘটনা ঘটে।ছাত্রলীগের আহত কর্মী ফজলুল করিম ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, জসীমউদ্দীন হলের ১০-১২ জন ছাত্র ফজলুল করিমের ওপর হামলা চালান। চাপাতির কোপে তাঁর দুই হাতের কয়েকটি জায়গায় ক্ষত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েঘটিত বিষয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া হয়। বিষয়টির মীমাংসা না হওয়ায় করিমের ওপর হামলা চালানো হয়। ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, হামলাকারী দুজনের নাম জানা গেছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, জসীমউদ্দীন হলের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ফারুকুজ্জামানের নেতৃত্বে এ হামলা হয়। তবে ফারুকুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। হলের কিছু ছোট ভাই মারামারি করছেন দেখে তিনি থামাতে সেখানে গিয়েছিলেন। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ছাত্ররা এবং আহত ছাত্র ছাত্রলীগের কর্মী। আহত কর্মীর বক্তব্য অনুযায়ী ফারুকুজ্জামান ও তাজকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যঅনুরোধ করা হবে।