চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ ছয় দিনের কর্মসূচি দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ এবার সমাবেশ, মৌন মিছিল, মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।
গতকাল শনিবার ধানমন্ডিতে এক মতবিনিময় সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা।
সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প স্থানান্তরের জন্য উচ্চ আদালতের নির্দেশে ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর হাজারীবাগের ট্যানারিগুলোর সেবা সংযোগ বন্ধ করে দেয়। এরপর ১০ এপ্রিল চামড়া খাতের ১৩টি সংগঠনের সমন্বয়ে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ মহাসমাবেশ করে ৯ দফা দাবি পেশ করে। ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় কালো পতাকা মিছিল।
নতুন কর্মসূচি
১৭ এপ্রিল লালবাগে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ঐক্য পরিষদের মতবিনিময়, ১৮ এপ্রিল সকাল ১০টায় হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে সমাবেশ, ২০ এপ্রিল ধানমন্ডির এএমএন কনভেনশন সেন্টারে লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি ও কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা এবং ২২ এপ্রিল স্পিলিট চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে ঢাকা ট্যানারি মোড় থেকে মৌন মিছিল।
এ ছাড়া ২৭ এপ্রিল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্য পরিষদের পক্ষ থেকে মিট দ্য প্রেস এবং ২৯ এপ্রিল সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোকে খুবই প্রাসঙ্গিক ও যৌক্তিক মনে করছি। এই শিল্পের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে দাবিগুলো দ্রুত মেনে নেওয়া উচিত।’ তিনি বলেন, এই খাতের রপ্তানিপ্রবাহ কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সবাইকে তা দেখা উচিত।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়া হোক। মালিকদের প্রতি আমাদের আহ্বান, তাঁরা যেন দ্রুত তাঁদের কারখানা সাভারে সরিয়ে নেন। কারখানা স্থানান্তর প্রক্রিয়ায় অযাচিত বিলম্বে আমরা অর্থাৎ শ্রমিকেরা যেন ক্ষতিগ্রস্ত না হই।’
৯ দফা দাবি
ঐক্য পরিষদের ৯ দফা দাবি হলো ২০০৩ সালের সমঝোতা স্মারক অনুসারে সাভারের প্লটের মালিকানা দলিলের নিবন্ধন দেওয়া; সাভারের চামড়াশিল্প নগরে আন্তর্জাতিক মানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ, ক্রোক রিকভারি ইউনিট ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণ; সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে শিল্পনগরে গ্যাস-বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা; শ্রমিকদের আবাসন ও খাতসংশ্লিষ্টদের পুনর্বাসনের জন্য এবং প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দেওয়া; কারখানা বন্ধ থাকার সময়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এককালীন অর্থ বরাদ্দ; বাতিল হওয়া রপ্তানি আদেশের বিপরীতে ক্রেতারা যে ক্ষতিপূরণ দাবি করবেন তা সরকার বহন করা; বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অব্যবস্থাপনার বিচার বিভাগীয় তদন্ত করা; ট্যানারি মালিকদের বিদ্যমান ঋণ ব্লক করা ও সুদ মওকুফ করা; হাজারীবাগের জমিতে নকশা ও প্ল্যান পাসের ওপর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিষেধাজ্ঞা তুলে নেওয়া।