চার ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪-এর সদস্যরা গত বুধবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনে কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে একটি রিভলবার, ১১টি গুলি ও একটি ককটেল জব্দ করা হয়।র্যাব সূত্র জানায়, তাদের কাছে খবর ছিল একটি চক্র ছিনতাইয়ের পরিকল্পনা নিয়ে কৃষি ব্যাংকের সামনে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র্যাবের সদস্যরা বেলা সাড়ে ১১টা থেকে কৃষি ব্যাংকের সামনে নজরদারি শুরু করেন। অল্প সময় পর এলাকায় সাজেদুর ইসলাম, রাসেল সিকদার, রফিকুল ইসলাম ও রবিউল ইসলামকে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে উল্লিখিত অস্ত্র, গুলি ও বিস্ফোরক জব্দ করা হয়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা হয়েছে।র্যাবের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া চার যুবক পেশাদার ছিনতাইকারী। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। বিভিন্ন ব্যাংক ও এর আশপাশে তাদের লোকজন থাকে। ব্যাংক থেকে কেউ মোটা অঙ্কের টাকা নিয়ে বের হলে এই চক্রের সদস্যরা তার পিছু নেয় এবং সুবিধাজনক স্থানে তাকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।