চার টার্মিনাল থেকে মাসে ১২ কোটি টাকা চাঁদা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতারা অভিযোগ করেছেন, রাজধানীর চারটি বাস টার্মিনাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে মাসে ১২ কোটি টাকা অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে। তবে শ্রমিক ফেডারেশনের নেতারা এটিকে সড়ক খাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বলে দাবি করেছেন।
সড়ক পরিবহন খাতের চাঁদাবাজির বিষয়ে গতকাল শনিবার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী লিখিত বক্তব্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কয়েকজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে রাজধানীর চারটি টার্মিনাল থেকে প্রতি মাসে ১২ কোটি টাকা অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে। চারটি টার্মিনাল হলো ফুলবাড়িয়া, মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল।
এতে বলা হয়, গাবতলী বাস টার্মিনালে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আতিক, আব্বাসউদ্দিন ও মহিউদ্দিনের নেতৃত্বে; মহাখালী টার্মিনালে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান ওরফে হিরু; সায়েদাবাদ টার্মিনালে ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবদুর ওয়াদুদ ওরফে নয়ন ও করম আলী এবং ফুলবাড়িয়া থেকে মো. ইসমাইল হোসেন ওরফে বাচ্চু ও বাচ্চুর সহযোগী বাবুলের নেতৃত্বে এসব চাঁদা আদায় করা হচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে আব্বাসউদ্দিন ও করম আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। আব্বাসউদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও করম আলী ধরেননি। অন্য দুজনকেও ফোনে পাওয়া যায়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সরকারবিরোধী বলে দাবি করেন ইনসুর আলী। তিনি বলেন, পরিবহন খাতে একশ্রেণির অসাধু পুলিশ ও মাস্তান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। এসব চাঁদাবাজের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘যাদের সংগঠন নাই, তাদের দায়দায়িত্ব ছাড়া বক্তব্য দিতে সমস্যা নাই। একটি গোষ্ঠী পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। টার্মিনালে শ্রমিক সংগঠন, ফেডারেশনের নির্ধারিত ৭০ টাকার বেশি ১ টাকাও আদায় করা হলে সেটি তদন্ত করে দেখা হোক।’
সংবাদ সম্মেলন থেকে চাঁদাবাজি বন্ধে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ১২ দফা দাবি জানানো হয়। এর মধ্যে অন্যতম হলো শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহনশ্রমিকদের নিজ নিজ মালিক কর্তৃক নিয়োগপত্র দেওয়া, বিআরটিএর ঘুষ, দুর্নীতি বন্ধ ও মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন সব যানবাহন নিষিদ্ধ ঘোষণা, পৃথক সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, সড়ক দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, বিভিন্ন ফেরিঘাটে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধ করা।
আগামী ৩১ মার্চের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সড়ক শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।