চার তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাড়ির চার তলা থেকে পড়ে শহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শহিদুলের সঙ্গে একই কক্ষে বসবাসকারী ফেরদৌস আহমেদ জানান, শহিদুল, সারোয়ার আলম এবং তিনি এই তিনজন ঝিগাতলার গাবতলী মসজিদ ম্যাচের পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষে থাকেন। গতকাল রোববার সকাল পৌনে আটটার দিকে লোকজনের চিৎকার-চেচামেচি শুনে তাঁর ঘুম ভাঙে। বাইরে বের হয়ে তিনি জানতে পারেন, শহিদুল কার্নিসের পাশে বসে গোঁফ কাটার সময় নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত শহিদুলের ছোট ভাই সাইদুর রহমান জানান, শহিদুল ধানমন্ডি এলাকার একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ছিলেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক আলী আজম প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।