চার দিন পর অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার
চার দিন পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন অটোরিকশা শ্রমিকেরা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের টানা ধর্মঘটের কারণে রাজধানীতে পরিবহনসংকটে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। এ সুযোগে মিশুক ও ট্যাক্সিক্যাবের চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করেন বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন। অবশ্য, গতকাল অল্পসংখ্যক অটোরিকশা চলাচল করতে দেখা যায়। ধর্মঘট উপেক্ষা করে চলাচল করতে গিয়ে মিরপুরের কাজীপাড়াসহ কয়েকটি এলাকায় শ্রমিকেরা সিএনজিচালিত অটোরিকশায় হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অটোরিকশার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে, ধর্মঘট আহ্বানকারী সংগঠনের নেতারা অভিযোগ করেন, অনেক চালককে গতকাল গাড়ি চালাতে বাধ্য করেছে মালিকপক্ষ।এ বিষয়ে জিজ্ঞেস করলে মিরপুরের মণিপুর এলাকার আশেকে রাসুল হামিদ নামের একজন চালক বলেন, ‘মালিকের আদেশ, গাড়ি চালাইতে হবে। নইলে সামনে গাড়ি দিবে না।’ তিনি জানান, কয়েকজন অটোরিকশামালিক মিলে মণিপুর এলাকায় সমিতি করেছেন। সেখানে ৬৪টি সিএনজিচালিত অটোরিকশা আছে। গতকাল সব গাড়িই রাস্তায় নেমেছে। একইভাবে মোহাম্মদপুরের ক্যাম্প মার্কেট এলাকার চালক মো. বিল্লাল জানান, মালিকপক্ষের নির্দেশে তিনিও গাড়ি নিয়ে নেমেছেন। অটোরিকশার চালক ও মালিকপক্ষের একাধিক সূত্র জানায়, ধর্মঘটের বিষয়ে কথা বলতে গত শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অটোরিকশা মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক ডাকেন কমিশনার। কিন্তু ওই বৈঠকে মালিক সমিতির নেতারা হাজির হলেও ধর্মঘটী শ্রমিকনেতারা যাননি। মালিকপক্ষ অটোরিকশা চালানোর পক্ষে অবস্থান নেয় বলে বৈঠকে উপস্থিত এক নেতা জানান। কয়েকটি এলাকায় মালিকপক্ষের লোকজন মোটরসাইকেলে করে শ্রমিকদের পাহারা দেয় বলে জানান কয়েকজন চালক।পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা এবং অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাসহ ১০ দফা দাবিতে গত বুধবার থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন অটোরিকশার শ্রমিকেরা। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি দেয়। গতকাল শনিবার ছিল ধর্মঘটের চতুর্থ দিন।অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে আছে—বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত জমা আদায়কারী অটোরিকশা মালিকদের গ্যারেজে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা পার্কিং এলাকা স্থাপন করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পরীক্ষা নেওয়া বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, যোগাযোগমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে লাগাতার ধর্মঘট কর্মসূচি তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার সকাল থেকে চালকদের গাড়ি চালাতে সংগঠনটির সভাপতি ও সম্পাদক অনুরোধ জানিয়েছেন।