চার নদ-নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন শূন্যের কোঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী এবং বালু ও তুরাগ নদের বেশির ভাগ অংশের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায়। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) একটি বিশেষজ্ঞ দল এই নদ-নদী পর্যবেক্ষণ এবং পানি পরীক্ষা করে এ তথ্য দিয়েছে। ২৯ ফেব্রুয়ারি এবং ১ থেকে ৩ মার্চ—মোট চার দিন বিশেষজ্ঞ দল চার নদ-নদীর দূষণ পরীক্ষা এবং দখল-ভরাট পর্যবেক্ষণ করেন।
গতকাল সোমবার সকালে কলাবাগানে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে পবা তাদের উদ্যোগে করা চার নদ-নদী পর্যবেক্ষণ ও দূষণের ফলাফল উপস্থাপন করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মৎস্য ও জলজ প্রাণীর বিলুপ্তিসহ চার নদ-নদী আজ মৃতপ্রায়। টঙ্গী, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এলাকার পয়োবর্জ্য, গৃহস্থালি বর্জ্য, শিল্পকারখানা ও হাসপাতালের কঠিন বর্জ্য, হাজারীবাগ ট্যানারির বর্জ্য, নৌযান নির্মাণ, মেরামত ও রংকরণ, নৌযান থেকে নির্গত তেল এবং নৌযানের বর্জ্য দূষণের অন্যতম কারণ।
দূষিত পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। পানির প্রয়োজন মেটাতে নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর ঢাকার অনেক এলাকায় প্রতিবছর ১০ ফুট করে নেমে যাচ্ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি উজানে প্রবাহিত হচ্ছে। নদীদূষণমুক্ত ও পানিপ্রবাহ বাড়ানো না গেলে এবং বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে পানির অভাবে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এই অবস্থার উত্তরণে এখনই সমন্বিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা মহানগরে পয়োবর্জ্যের পরিমাণ ১৪ লাখ ঘনমিটার। যার মধ্যে মাত্র ৫০ হাজার ঘনমিটার পরিশোধন করা হচ্ছে। হাজারীবাগের ট্যানারিগুলো থেকে প্রতিদিন ২২ হাজার কিউবিক মিটার অপরিশোধিত বর্জ্য নদীতে পড়ছে। এসব বর্জ্যে রয়েছে ক্রোমিয়াম, সিসা, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। টেক্সটাইল কারখানার বর্জ্যসহ বিভিন্ন শিল্পকারখানার ১ লাখ ২০ হাজার ঘনমিটার বর্জ্য নদীতে পড়ছে। ঢাকা মহানগর ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য, শিল্পকারখানা ও হাসপাতালের কঠিন বর্জ্যের ৪০ শতাংশ যা প্রায় ৩ হাজার টন, এগুলো নালা-নর্দমা, খাল ও জলাভূমি হয়ে নদীতে পড়ছে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল্য বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আবদুস সোবহান। উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহাদ, সহসম্পাদক তোফায়েল আহমেদ, সমন্বয়কারী আতিক মুরশিদ, আনিসুল হোসেন প্রমুখ।