চার পোশাক-কারখানা ও এক বহুতল ভবনকে জরিমানা
অগ্নিনির্বাপণ বিভাগের সনদ না নেওয়া এবং অগ্নিপ্রতিরোধ-বিষয়ক নির্দেশনা অনুসরণ না করে কারখানা চালানোর দায়ে রাজধানীর চারটি পোশাক তৈরির প্রতিষ্ঠান ও একটি ভবনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সিদ্ধেশ্বরীর বহুতল ভবন জাহানারা টাওয়ারে অভিযান চালান। কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষ ভবন নির্মাণ শেষে অগ্নিনির্বাপণ বিভাগের সনদ নিলেও সনদে উল্লিখিত শর্ত পূরণ করেনি। এ ছাড়া বহুতল ভবনে জরুরি বহির্গমনের ব্যবস্থা থাকার নিয়ম থাকলেও ওই ভবনে সে ব্যবস্থা নেই। এ কারণে আদালত ভবন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত উত্তর বাড্ডার এসএস করপোরেশন নামের একটি তৈরি পোশাক প্রস্তুককারী প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত সূত্র জানায়, একই ভবনে ওই প্রতিষ্ঠানের তিনটি কারখানা রয়েছে। কিন্তু একটি কারখানার অনুকূলেও অগ্নিনির্বাপণ বিভাগের সনদ নেই। এ ছাড়া সেখানে অগ্নিনির্বাপণ-বিষয়ক সরকারি নির্দেশনাও অনুসরণ করা হয়নি। এ কারণে এসএস করপোরেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত পরে হাজীপাড়ার ফেইথ ফ্যাশনে অভিযান চালান। কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিতে অগ্নিনির্বাপণ বিভাগের ছাড়পত্র ছিল না। সেখানে অগ্নিপ্রতিরোধের কোনো ব্যবস্থাও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভবনের রেইনবো ফ্যাশনে অভিযান চালিয়ে তাদের একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আদালত রামপুরা টিভি এভিনিউয়ে অবস্থিত আটলান্টা ফ্যাশনে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান অগ্নিনির্বাপণের সনদ নিলেও ২০০৮ সালের পর তারা সেটা নবায়ন করেনি। এ কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কমিটির সদস্য সচিব শাহজাহান সিকদার প্রথম আলোকে বলেন, এসব কারখানায় দমকল বাহিনীর লাইসেন্স ছিল না। সেখানে অগ্নিপ্রতিরোধ-ব্যবস্থাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কারখানাগুলোকে লিখিত তাগিদ দেওয়া সত্ত্বেও তারা সনদ নেয়নি বা নবায়ন করেনি। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে অগ্নিনির্বাপণ বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেনসহ অগ্নিনির্বাপণের কর্মকর্তারা ও দাঙ্গা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।