মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান— বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বাজারজাতকরণ, ক্ষতিকর রাসায়নিক মেশানো এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।রাজধানীর কয়েকটি এলাকা ও টঙ্গীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দায়ী প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করেন। বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহায়তা করে ঢাকা জেলা প্রশাসন ও র্যাব-২।ভ্রাম্যমাণ আদালত ২৩/১ আগামসিহ লেনের এ্যাংকর ফুড প্রোডাক্টসের দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া ৮৫ আগামসিহ লেনের লিমা লজেন্স কোম্পানির মালিক আবদুল বারেককে তিন লাখ টাকা ও বংশালের ৬৬/১৪ সিদ্দিকবাজারের তিতাস লজেন্সের ব্যবস্থাপক শেখ নাঈম আহম্মেদকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।অভিযান চলাকালে আদালত এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদনহীন ব্র্যান্ড উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কে উল্লিখিত উপাদান ঠিকমতো ব্যবহার না করা, খাদ্যে ফুড গ্রেড পাউডারের পরিবর্তে গায়ে মাখার ট্যালকম পাউডার ব্যবহার করার প্রমাণ পান।এদিকে টঙ্গীর ১১১ বিসিক শিল্পনগর এবং প্লট নং-এ-১১০ ঠিকানায় অবস্থিত শাপলা ফুডস লিমিটেডের দুই ব্যবস্থাপক মোখলেস রহমান ভূইয়া ও আবদুল কুদ্দুসকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের নিবন্ধন নবায়ন না করা, নোংরা পরিবেশে লাচ্ছি সেমাই উৎপাদন, বিক্রয় ও বিতরণ; চাটনি, সেমাইয়ের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করে পচা তেঁতুল দিয়ে চাটনি তৈরি করছিল। বিজ্ঞপ্তি।