চার প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক বিক্রি-বিতরণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাজধানীর ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার ইভা বেকারি, নিউ রয়েল বেকারি অ্যান্ড কনফেকশনারি, শুভ কনফেকশনারি ও মাসুদ কনফেকশনারীকে এই জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে জেলা প্রশাসন ও মহানগর পুলিশ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা সহায়তা করেন।নোংরা পরিবেশে অনুমোদনহীন বিস্কুট ও কেক তৈরি, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণের অভিযোগে ইভা বেকারির ব্যবস্থাপক গিয়াস উদ্দিনকে ৮০ হাজার টাকা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই কারণে নিউ রয়েল বেকারি অ্যান্ড কনফেকশনারির ব্যবস্থাপক মো. সোলেমানকে ৪০ হাজার টাকা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ সাবান, শ্যাম্পু, কেক ও দই বিক্রির অভিযোগে শুভ কনফেকশনারির ব্যবস্থাপককে ১৫ হাজার টাকা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড; মাসুদ কনফেকশনারির ব্যবস্থাপককে সাত হাজার টাকা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।