বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে গতকাল বুধবার রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, খিলগাঁও তালতলা ও বাসাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে নকল ঘি বিক্রির অপরাধে আবুল কালাম নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পুলিশ ও র্যাব-৩-এর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা ও খোলা পরিবেশে পাউরুটি, কেক ও বিস্কুট উৎপাদন ও বিক্রি করায় খিলগাঁও তালতলার পলাশ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে পাউরুটি, বিস্কুট উৎপাদন করে বিক্রি করায় উত্তর বাসাবোর সুপার কুইন বেকারিকে ৫০ হাজার, নোংরা পরিবেশে রান্না ও কাঁচা মাংস একই সঙ্গে ফ্রিজে সংরক্ষণ করায় মহাখালীর রসুলবাগের হোটেল সুপার আপ্যায়নকে ৫০ হাজার এবং অবৈধভাবে খাওয়ার পানি উৎপাদন করায় বাসাবোর ওহাব কলোনির মিথিলা ট্রেড ইন্টারন্যাশনালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।