চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন বিস্কুট-কেক বিক্রি ও বিতরণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাজধানীর সিপাহীবাগ গোড়ান এলাকার মেসার্স সততা বেকারি, সাগর বেকারি, দারুছুন্নত ও নিউ উত্তরা ব্রেড বেকারিকে এ জরিমানা করা হয়। লেবেলবিহীন প্যাকেট, খাদ্যে ব্যবহার-নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট (ঘনচিনি), পচা কিশমিশ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরি, বিক্রি, সংরক্ষণ ও বিতরণের অভিযোগে মেসার্স সততা বেকারির মালিক মো জালাল মিয়া এবং সাগর বেকারির ব্যবস্থাপক মো. জসিমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআই থেকে বাধ্যতামূলক সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স না নেওয়ায় এবং খোলা, নোংরা পরিবেশে পাউরুটি, চানাচুর, বিস্কুট ও কেক তৈরি, বিক্রি, সংরক্ষণ ও বিতরণের অভিযোগে দারুছুন্নত বেকারির ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর এবং নিউ উত্তরা ব্রেড বেকারির মালিক মো. খলিলুর রহমানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে র‌্যাব-৩, মহানগর পুলিশ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা সহায়তা করেন।