চার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকার রূপনগরে ওয়াশিং কারখানার বর্জ্য ফেলে ঝিলদূষণের দায়ে একটি কারখানাকে সাত লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বনানী এলাকায় বহুতল ভবন নির্মাণকালে অসহনীয় মাত্রার শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার পরিবেশ দূষণবিরোধী এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পরিদর্শনে জিন্স কালচার লিমিটেড কারখানার বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) বন্ধ পাওয়া যায়। ইটিপি বন্ধ থাকায় কারখানার বর্জ্য পরিশোধন হচ্ছে না। তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় ড্রেনের মাধ্যমে বাইরে নিষ্কাশন করা হচ্ছে। নিষ্কাশিত বর্জ্য রূপনগর ঝিলে গিয়ে দূষণ ঘটাচ্ছে। কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে ইটিপি বন্ধ পাওয়া গেলে মালিককে গ্রেপ্তার ও কারখানা বন্ধ করা হবে।বনানী ১১ নম্বর সড়কে বহুতল বাণিজ্যিক-আবাসিক ভবন নির্মাণকালে পাইলিং কাজে সৃষ্ট প্রচণ্ড শব্দ পরিবেশ অধিদপ্তরের সরেজমিন পরিদর্শনকালীন পরিমাপে শব্দের মাত্রা পাওয়া যায় যথাক্রমে ৯৫ দশমিক ৫, ৯৬ ও ৯৫ ডেসিবেল। ওই এলাকায় পরিবেশ আইনে সহনীয় মাত্রা ৫০। মাত্রাতিরিক্ত শব্দদূষণ করে জনস্বাস্থ্যের জন্য হুমকি ও জনদুর্ভোগের অপরাধে যথাক্রমে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, ইনস্টার লিমিটেড ও শেলেটক্ প্রপার্টিজ লিমিটেডকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।