চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসে কম ভাড়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সদরঘাট গন্তব্যে (রুট) চলাচলকারী বাসগুলোতে এখন থেকে ২৫ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সুবিধা নিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে বাসমালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এ বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সদরঘাট গন্তব্যে চলাচলকারী বাসগুলোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ২৫ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন। কোনো শিক্ষার্থী গাড়ি ভাঙচুর করলে তাঁকে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবহনের শ্রমিকদের আচরণে পরিবর্তন আনতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মালিক সমিতির নেতারা।