চার বছর ধরে হিমঘরে ছিল মার্কিন নাগরিকের লাশ, অবশেষে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মাইরন বার্কার
ছবি: সংগৃহীত

চার বছরের বেশি সময় ধরে ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট মাইরন বার্কারের (৭৮) লাশ। রবার্ট যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তাঁর বাংলাদেশি স্ত্রী মাজেদা বেগম স্বামীর লাশ সৎকারের অনুমতি পাননি। যুক্তরাষ্ট্রে থাকা রবার্টের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। মার্কিন দূতাবাসে যোগাযোগ করেও স্বামীর লাশ সৎকার করতে পারছিলেন না তিনি। অবশেষে রবার্টের লাশ সৎকারের ব্যবস্থা করেছে মার্কিন দূতাবাস। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে রবার্টের লাশ হস্তান্তর করে দক্ষিণখান থানা-পুলিশ।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে থাকা রবার্টের পরিবার তাঁর লাশ সে দেশে নিতে রাজি হয়নি। মার্কিন দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাড়া না পেয়ে বাংলাদেশেই তাঁর লাশ সৎকারের ব্যবস্থা করেছে। দূতাবাসের তত্ত্বাবধানে তাঁর লাশ গাজীপুরের একটি গির্জায় নেওয়া হয়েছে। রবার্টের বাংলাদেশি স্ত্রী (মাজেদা বেগম) দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে গাজীপুরে গেছেন।

রবার্টের মৃত্যুর পর তাঁর বাংলাদেশি স্ত্রী মাজেদা বেগম গণমাধ্যমকে বলেছিলেন, রবার্ট একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ছিলেন। আর মাজেদা উত্তরার একটি বেসরকারি হাসপাতালের আয়ার কাজ করতেন। দুঃস্থ নারীর চিকিৎসা করাতে এসে মাজেদার সঙ্গে পরিচয় হয় রবার্টের। তারপর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ২০১৪ সালের ১ এপ্রিল খ্রিষ্টধর্মমতে রাজধানী বাড্ডার একটি চার্চে তাঁরা বিয়ে করেন। এরপর মাজেদা খাতুন তাঁর আগের সংসারের সন্তানদের সঙ্গে রবার্টকে নিয়ে দক্ষিণখানের একটি বাসায় থাকতেন। ২০১৮ সালের ১৫ মে রবার্ট হৃদ্‌রোগে আক্রান্ত হলে দক্ষিণখানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বছরের জানুয়ারিতে প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট খ্রিষ্টধর্মাবলম্বী যুক্তরাষ্ট্রের নাগরিক। পাসপোর্টে তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি ঠিকানা দিয়েছেন।

মাজেদা খাতুন বিবিসিকে বলেছেন, তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি লাশ যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে ঢাকার মার্কিন দূতাবাসে বারবার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। যুক্তরাষ্ট্রে থাকা রবার্টের পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তিনি ব্যর্থ হয়েছেন। রবার্ট পেশায় একজন বিদেশি উন্নয়নকর্মী। তিনি মূলত যুক্তরাষ্ট্র থেকে ফান্ড আনতেন এবং এখানকার গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন।

স্বামীর লাশ সৎকার করতে না পারার বিষয়ে তিনি বিবিসিকে বলেছিলেন, বিদেশি নাগরিক হওয়ায় তাঁর লাশ এই দেশে সৎকার করা যাচ্ছিল না। এ জন্য দূতাবাসের ছাড়পত্র প্রয়োজন, যেটা পাওয়া যাচ্ছিল না। তিনি অনেকবার দূতাবাসে গিয়ে সব ঘটনা বলেছেন। তারা কোনো ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন