চার বছরে শুধু মশা মারতে প্রায় ৭৬ কোটি ৩৫ লাখ টাকা খরচ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এত টাকা খরচের পরও বাস্তবতা হচ্ছে, প্রতিবছরই মশার উপদ্রব আগের চেয়ে বাড়ছে। রাতে তো বটেই, দিনেও মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আসছে বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হবে।
ঢাকায় মশার ঘনত্ব নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ঢাকায় মশার ঘনত্ব চার গুণ বেড়েছে। এখন যে মশা দেখা যাচ্ছে তার মধ্যে ৯৯ শতাংশ কিউলেক্স মশা। সাধারণত শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রকোপ বাড়ে। এই মশার কামড়ে গোদ রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত হলে হাত-পা ফুলে যায়। বারবার জ্বর হয়। কারও কারও ক্ষেত্রে মৃত্যুও হতে পারে।
মশা মারতে পুরান ঢাকার বিভিন্ন নালায় ঘটা করে গাপ্পি মাছ ছেড়েছিলেন দক্ষিণ সিটির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কিন্তু ২০১৮ সালের মার্চ মাসে নেওয়া ওই উদ্যোগ শেষ পর্যন্ত লোকদেখানো কর্মসূচিতে পরিণত হয়। আর বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস গত জুন মাসে রমনা লেক, খিলগাঁওয়ের বটতলা ঝিলসহ তিনটি জলাশয়ে মশা মারতে তেলাপিয়া মাছ ও হাঁস ছেড়েছেন। রমনা লেকের কিছু হাঁস এরই মধ্যে মরে গেছে। আবার লেকের হাঁস দেখভালের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। ফলে মশা মারার এই উদ্যোগও কাজে আসছে না।
যদিও কিউলেক্স মশার প্রকোপ দক্ষিণ সিটি এলাকায় তুলনামূলক কম বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, মশার ওষুধ ছিটানোর কাজে তদারকি বাড়াতে আরও বেশি তৎপর হয়েছেন তাঁরা।
দক্ষিণ সিটির তথ্য অনুযায়ী, মশা নিয়ন্ত্রণে ২০১৬-১৭ অর্থবছরে খরচ হয়েছে ১৭ কোটি ১৮ লাখ টাকা। এর পরের অর্থবছরে এই খাতে খরচ হয় ১৩ কোটি ৯০ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে খরচ করেছে ১৯ কোটি ৫২ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে খরচ হয় ২৫ কোটি ৭৫ লাখ টাকা। সবশেষ চলতি অর্থবছরে ৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে গত জুন থেকে জানুয়ারি পর্যন্ত খরচ করেছে প্রায় ৭ কোটি টাকা।
গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়রের শপথ অনুষ্ঠানে তাঁদের সতর্ক করে বলেছিলেন, ‘মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে, সেটা নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী। এটা মাথায় রাখতে হবে।’
ঢাকা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর থেকেই সব প্রার্থী তাঁদের নির্বাচনী ইশতেহারে মশক নিধনের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রাখলেও পরিস্থিতির উন্নতি হয় না। ২০১৭ সালে রাজধানীতে চিকনগুনিয়ায় প্রাদুর্ভাব দেখা দেয়। আর ২০১৯ সালে এডিস মশার বাহক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০০ লোকের মৃত্যু হয়। তবে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ১৭৯।
দক্ষিণ সিটির আওতাধীন খিলগাঁওয়ের শান্তিপুর মসজিদ গলির বাসিন্দা নাহিদা আক্তার প্রথম আলোকে বলেন, মশা বেড়ে যাওয়ায় রাতে মশারি টাঙিয়েও শান্তি নেই।
দক্ষিণ সিটি বলছে, মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে জনবল বাড়ানো হয়েছে। ওষুধের প্রয়োগও বাড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা তৎপরতা অব্যাহত রেখেছেন। আগে প্রতিটি ওয়ার্ডে সকালে ও বিকেলে এক ঘণ্টা করে মশার ওষুধ ছিটানো হতো। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর এই ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। এখন সকালে ও বিকেলে চার ঘণ্টা করে ওষুধ ছিটানো হচ্ছে।
তবে পুরান ঢাকার লালবাগের জগন্নাথ শাহ রোড এলাকার দোকানি হামিদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বিকেলে মাঝেমধ্যে মশার ওষুধ ছিটাতে দেখা যায়। কিন্তু সকালে ওষুধ ছিটানোর চিত্র গত ১৫ দিনে তাঁর চোখে পড়েনি।
বিশেষজ্ঞারা বলছেন, মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে মশার প্রজননস্থল ধ্বংস করতে সকালে ওষুধ (লার্ভিসাইডিং) ছিটানোতে জোর দিতে হবে। আর বিকেলে ফগিং (উড়ন্ত মশা মারার ওষুধ) করতে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হুমায়ুন রেজা খান মনে করেন, ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করা না গেলে পরিস্থিতির উন্নতি হবে না। ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে মশার উপদ্রব কমছে না।