চার বছরে ৮৬ রাস্তা বিশিষ্ট ব্যক্তিদের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০০৭ সাল থেকে গত চার বছরে ঢাকা মহানগরের ৮৬টি রাস্তা বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ভাষাসৈনিক ও বিশিষ্ট সাংবাদিকদের নামে এসব রাস্তার নতুন নামকরণ করা হয়।গতকাল সোমবার জাতীয় সংসদে সাংসদ তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৌরসভা উন্নয়নের জন্য সাংসদদের জন্য পৃথক কোনো বরাদ্দ দেওয়ার পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে দেশের ২৫৫টি পৌরসভার উন্নয়নে এক হাজার ২৫১ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর বাইরেও বিশেষ আরও কিছু নগর উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।কুকুর নিধন টিম: স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণের জন্য বেওয়ারিশ কুকুর নিধন কর্মসূচির আওতায় ঢাকা সিটি করপোরেশনের দুটি কুকুর নিধন টিম কাজ করছে। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ কর্মসূচি আরও ফলদায়ক করতে অসুস্থ কুকুর মেরে ফেলার পাশাপাশি সুস্থ ও সবল কুকুর না মেরে প্রজনন নিয়ন্ত্রণের জন্য বন্ধ্যাকরণ ও টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সাংসদ নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে।