চার বেকারির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নিবন্ধন ছাড়া অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির অপরাধে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও এলাকার চারটি বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল পরিচালিত এক অভিযান চালিয়ে বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া অত্যাবশ্যকীয় পণ্য দই বিক্রির অপরাধে তেজগাঁও শিল্প এলাকার জয়পুর সুইটস হাউসের ব্যবস্থাপকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। অনুমোদন ছাড়া বিস্কুট বিক্রির অপরাধে তেজগাঁওয়ের কুনিপাড়ার তিনটি বেকারির মালিকের বিরুদ্ধে মামলা হয়। এগুলো হলো মমতাজ বেকারি, পাঁচতারা বেকারি ও জহুরা বেকারি। চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধনী, ২০০৩) এবং এর ২৪ ধারায় নিয়মিত মামলা করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) গোলাম রাব্বানী, পরিদর্শক মো. জাহিদুর রহমান এবং জিশান আহম্মেদ তালুকদার। বিজ্ঞপ্তি।