চার ব্লগারের জামিন শুনানি ১৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার ব্লগারদের জামিন বিষয়ে ১৫ এপ্রিল অধিকতর শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এ তারিখ ধার্য করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোরও আদেশ দেন।গতকাল ব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারী এবং একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মশিউর রহমান ও রাসেল পারভেজকে সাত দিন এবং আসিফ মহিউদ্দিনকে দুই দফায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় ডিবি পুলিশ।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার সন্দেহে এই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে, তা যাচাই করা হচ্ছে। তবে প্রতিবেদনে তথ্য পাওয়ার বিষয় উল্লেখ করলেও কে কোন ব্লগে কী লিখেছেন, তা উল্লেখ করা হয়নি। এতে বেশ কয়েকটি ব্লগের নাম উল্লেখ করা হয়েছে।চার ব্লগারের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই ব্লগাররা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন—রিমান্ডে নিয়ে পুলিশ এ ধরনের কোনো তথ্য পায়নি। তদন্ত কর্মকর্তা যে প্রতিবেদন দিয়েছেন, তাতে প্রাপ্ত তথ্যের বিষয়ে বলা হয়নি। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির আদেশ দেন।পুলিশ ১ এপ্রিল রাতে রাজধানীতে অভিযান চালিয়ে মশিউর, রাসেল ও সুব্রতকে গ্রেপ্তার করে। ৩ এপ্রিল আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।