ঘরোয়া হোটেলের কর্মচারী খুনের চার মাস পরও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, অজানা কারণে পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করছে না। তবে পুলিশ বলছে, তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ওই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মতিঝিলের ঘরোয়া হোটেল।
গত ২৭ অক্টোবর রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে খুন হয় কর্মচারী মো. রিয়াদ (১৬)। মারধরের পর তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রিয়াদের বড় ভাই রিপন বাদী হয়ে ওয়ারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হোটেল মালিক আরিফুল ইসলাম, দুই কর্মচারী জসিম ও খবিরকে আসামি করা হয়। যে বাড়িতে রিয়াদকে মারধর করা হয়, সেই বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে মারধরের সঙ্গে হোটেল মালিক আরিফুল ইসলামের জড়িত থাকার প্রমাণ মেলে।
মামলার বাদী রিপন প্রথম আলোকে বলেন, ভাইয়ের হত্যাকাণ্ডের পর আতঙ্কে তিনি ঢাকা ছেড়েছেন। এরপর আর ফেরেননি। এখন গ্রামে দিনমজুরি করে সংসার চালান। তিনি বলেন, মামলার প্রধান আসামি প্রায় প্রতি সন্ধ্যায় একটি কালো রঙের গাড়ি নিয়ে মতিঝিলে আসেন। মতিঝিল পেট্রলপাম্প থেকে তেল নেন এবং ওই পাম্পেই বসে আড্ডা দেন। বেশ কিছুদিন থেকে এমন চললেও অজানা কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
হাজীগঞ্জে থেকে কীভাবে আসামির অবস্থান জানলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ওই এলাকায় আমার কিছু বন্ধু আছে, তাদের মাধ্যমেই এ তথ্য জানতে পেরেছি।’
মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের কেউ কোনো প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা দায়েরের কয়েক দিন পর একজন হোটেল মালিকের (আরিফুল ইসলাম) বড় ভাই পরিচয়ে মামলা তোলার হুমকি দিয়েছিল। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তারপর আর কেউ যোগাযোগ করেনি। আপসের জন্য কোনো প্রস্তাবও পাইনি।’
চার-পাঁচ দিন আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম শিকদার মুঠোফোনে রিপনের সঙ্গে কথা বলে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আলীম শিকদার প্রথম আলোকে বলেন, ‘মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। মামলার দুই আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশ ও র্যাবের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।’
এদিকে হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের খলিফা বাড়ির মফিজুল ইসলামের ছোট ছেলে ছিল রিয়াদ। দুই ছেলে ছোট থাকা অবস্থায় মফিজুল ইসলাম মারা যান। পরে মা রোকেয়া বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে দুই ছেলেকে মানুষ করেন। গতকাল রোববার দুপুরে রিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত মা রোকেয়া বেগম ঘরের দরজায় বসে আছেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে রোকেয়া জানান, ‘ছোট ছেলেটাকে মেরে ফেলার পর ভয়ে বড় ছেলেকে আর ঢাকায় পাঠাইনি। মা ও ছেলের কোনোরকম অর্ধাহারে-অনাহারে দিন চলে যাচ্ছে।’ তিনি জানান, ‘১৯ বছর অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে দুই ছেলেকে বড় করেছি। কিন্তু মিথ্যা চুরির অপবাদ দিয়ে তারা আমার ছোট ছেলেটাকে মেরে ফেলছে। আমি আমার এতিম ছেলের হত্যার বিচার চাই।’
রিয়াদের বড় ভাই রিপন প্রথম আলোকে বলেন, ‘প্রথম কয়েক দিন হোটেল মালিক আরিফ ও তাঁর ভাইয়েরা ঘটনার মীমাংসার জন্য যোগাযোগ করেছেন। তাঁরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনায় আমরা হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তবে এখন কেউ যোগাযোগ করেন না। ভাইয়ের লাশ নিয়া ঢাকা থেকে বাড়ি আসার পরে ভয়ে আর ঢাকায় যেতে পারছি না।’