চার মিনিটে সাতরাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পর যখন মগবাজার-মৌচাক উড়ালসড়ক (ফ্লাইওভার) খুলে দেওয়া হলো, কৌতূহলী নগরবাসী দলে দলে উঠে গেল ওপরে। সে তুলনায় গাড়ি ওঠানামা কম।

গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়ালসড়কের সাতরাস্তা-হলিফ্যামিলি (২ দশমিক ১১ কিলোমিটার দৈর্ঘ্য) অংশ উদ্বোধন করেন। বেলা সোয়া একটার দিকে উড়ালসড়কে উঠে দেখা যায়, গাড়ির তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। তখনো অনেকটা ফাঁকা। গাড়িচালক রবিউল বললেন, বেলা একটার দিকে উড়াল সড়কে উঠে চার মিনিটেরও কম সময়ে তাঁর গাড়ি চলে যায় সাতরাস্তায়।

উড়ালসড়কের একপাশে মোটরসাইকেল রেখে ‘সেলফি’ তুলতেও দেখা যায় তরুণ-তরুণীদের। আগারগাঁও থেকে এসেছেন অনীক ও তাঁর সঙ্গী মিথিলা। নিজেদের মধ্যেই আলাপ করছিলেন, নিচ থেকে এত দিন বোঝাই যেত না, ফ্লাইওভারের ওপরটা এত সুন্দর!

উড়ালসড়ক থেকে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করছিলেন অনেক দর্শনার্থী। বিকেল পাঁচটার দিকে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি দর্শনার্থীসংখ্যাও বাড়তে থাকে। সন্ধ্যায় বাতিগুলো জ্বলে ওঠার পর উড়ালসড়কের মিডিয়ামে লাগানো রঙিন কাপড়গুলোও জ্বলজ্বল করে ওঠে। নিচে শোভা পাচ্ছিল লাল-নীল-সবুজ-হলুদ পতাকা।

উড়ালসড়কের ওপরে যখন এমন শোভা, নিচে ও আশপাশের সড়কে ছিল যানবাহনের ভিড়।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে দেখা গেল, রমনা থানার কাছ থেকে বেইলি রোডের মুখ পর্যন্ত আটকা যানবাহন। তবে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়ক ছিল কিছুটা ফাঁকা। এ সময়ে অ্যাম্বুলেন্স ও বেশ কিছু মোটরসাইকেলকে উল্টো পথে চলতে দেখা যায়। রমনা থানার পাশে সিদ্ধেশ্বরী যাওয়ার পথটি অনেকটা ফাঁকা। কিন্তু সার্কিট হাউস রোড থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা প্রায় দিনভর অবরুদ্ধ ছিল। বেইলি রোড থেকে রমনা থানার দিকে আসার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সিদ্ধেশ্বরীর দিক দিয়ে যাওয়ার রাস্তায় ছিল প্রচণ্ড যানজট। বেইলি রোড থেকে অফিসার্স ক্লাবের দিকে যাওয়ার রাস্তাটি উভয়মুখী করার পরও খুব একটা সুফল পাওয়া যায়নি। কারণ, সার্কিট হাউস রোড থেকে বেইলি রোড আসার সরু রাস্তা পেরিয়ে যানবাহন এদিকে আসতে পারছিল না। বিকেল সাড়ে চারটার দিকে মৌচাক থেকে মগবাজার মোড় পর্যন্ত পুরো সড়কে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের নিচের এসব সড়কর যানবাহন নিয়ন্ত্রণ আসলেই কঠিন হয়ে পড়ে। তবে তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন।