চার শিক্ষক সংগঠনের পৃথক কর্মসূচি পালন
চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার রাজধানীতে পৃথক কর্মসূচি পালন করেছে চারটি শিক্ষক সংগঠন।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের স্থগিত টাইম স্কেল চালুর দাবিতে সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজধানীর মুক্তাঙ্গনে মিছিল-সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিয়ার রহমান। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি: এই সংগঠনটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে। শিক্ষক-কর্মচারী সংগ্রামী ঐক্য পরিষদ: চাকরি জাতীয়করণ ও শিক্ষকদের টাইম স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ২১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেবে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রামী ঐক্য পরিষদ। গতকাল রাজধানীতে সংগঠন দুটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।