বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চার শিক্ষকের নিয়োগ বাতিল ও বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে এই শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।গত বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ এ আদেশ দেন। ওই দিনই সাখাওয়াত হোসেন, এ কে এম বাশার, মাসুদুর রহমান, মাহমুদা আক্তার—এই চার শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন। আদালত ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গত ১৮ সেপ্টেম্বর এই চার শিক্ষকের কাছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়, এই শিক্ষকদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাছ থেকে তাঁদের এমএস ডিগ্রির অনুমোদন এনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তা না করলে ১ অক্টোবর থেকে তাঁদের চাকরি বাতিল বলে গণ্য হবে। তা ছাড়া একই কারণে গত ৩১ আগস্ট থেকে এই চার শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।