চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) কার্যক্রম বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটির করা আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে পক্ষগণকে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি আট সংস্থার করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের মাটি ভরাট, প্লট বিক্রিসহ যেকোনো আঙ্গিকে এর বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধের নির্দেশের পাশাপাশি রুলও জারি করেন।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে ১৪ জানুয়ারি আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। পরে গতকাল আবেদনের ওপর শুনানি হয়।আশিয়ান সিটির পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী ইকবাল কবির।