মানসম্মত হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় ঢাকা মহানগরের প্রধান চারটি সরকারি হাসপাতালকে মোট চার লাখ টাকা জরিমানা ও একটিকে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। তবে সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের লোকেরা এ হাসপাতালগুলো থেকে সেবা নেয় বলে অপরাধ অনুযায়ী কম জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে।গত শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব হাসপাতালের বিরুদ্ধেই পরিবেশ সংক্ষরণ আইন-২০১০ ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে সতর্ক করা হয় এবং বাকি হাসপাতালগুলোকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। গতকাল সোমবার এই জরিমানা করা হয়। ১০ মার্চের মধ্যে ওই জরিমানার টাকা পরিশোধের জন্য হাসপাতালগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, হাসপাতালগুলোকে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। এ ছাড়া প্রতিটি হাসপাতালেই সংক্রামক বর্জ্য নিয়ন্ত্রণে অটোক্লেভ মেশিন এবং হাসপাতালে রোগীর জন্য ব্যবহূত সুঁই, ব্লেড, কাঁচি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ফেলার নিয়ম রয়েছে। কিন্তু ওই পাঁচটি হাসপাতালের কোনোটিতেই এই বর্জ্যগুলোর সুষুম ব্যবস্থাপনা হচ্ছে না বলে দেখতে পায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে এসব হাসপাতালে সংক্রামক বর্জ্য নিয়ন্ত্রণে অটোক্লেভ মেশিন এবং হাসপাতালে রোগীর জন্য ব্যবহূত সুঁই, ব্লেড, কাঁচি ইত্যাদি ধারালো যন্ত্রপাতি নষ্ট করার জন্য শ্রেডিং মেশিন পাওয়া যায়নি, কয়েকটি থাকলেও তা অকার্যকর পাওয়া যায়। এ ছাড়া এসব হাসপাতালের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা মানসম্মত নয়। ভবিষ্যতে এসব হাসপাতালের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণের জন্য পরামর্শ দেওয়া হয়। পরামর্শ দেওয়া হয় পরিবেশ ছাড়পত্র গ্রহণের। মো. আলমগীর এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমরা বেসরকারি হাসপাতালগুলোকেও পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে জরিমানা করেছি। এখন সরকারি হাসপাতালগুলোতেও আমরা এই অভিযানের আওতায় নিয়ে এসেছি। সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের পরিবেশ আইন মেনেই কার্যক্রম চালাতে হবে। নয়তো আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’