চার হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকা থেকে র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চার হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। একই সঙ্গে তাঁরা মোহাম্মদ আবু তাহের এবং মোহাম্মদ সেলিম মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছেন। কর্মকর্তারা বলেছেন, তাঁরা দুজনই মাদক ব্যবসায়ীচক্রের সক্রিয় সদস্য। র্যাব সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁরা আবু তাহেরকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। তাহেরের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাঁরা সেলিমকে আটক করেন। তাঁর কাছ থেকে তিন হাজার ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, আবু তাহেরের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শিংহাডা গ্রামে। সেলিমের বাড়ি কুমিল্লার দক্ষিণ সদর থানার রায়পুর গ্রামে। এদিকে, র্যাব-১-এর সদস্যরা হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে আটক করেছেন। র্যাবের অভিযোগ, নিজেকে কর্নেল ও জেলা ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দিয়ে হুমায়ুন প্রতারণা করে আসছিলেন। তিনি কাওলা আমবাগান এলাকায় এসব পরিচয় দিয়ে লোকজনকে চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হুমায়ুনের বাড়ি মাগুরার মহম্মদপুর থানার মাইঝপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুকের মামলা রয়েছে।