রাজধানীর পৃথক স্থানে গতকাল সোমবার দুই শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু খেলতে গিয়ে গলায় রশি পেঁচিয়ে, এক শিশু ডোবাতে পড়ে এবং এক রিকশাচালক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ছাড়া বনানী এলাকার রেললাইন থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত রোববার রাত আটটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে বাসার জানালার সঙ্গে রশি বেঁধে খেলছিল শিশু সালমা আক্তার (১০)। একসময় রশি তার গলায় পেঁচিয়ে মারা যায়। সালমা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল বিকেলে রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিস গলির নামাপাড়ায় খেলতে গিয়ে ডোবায় পড়ে মো. তামিম নামের ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিমের বাবা জামাল উদ্দিনও একজন দরজি দোকানদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত রোববার কারওয়ান বাজারে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নূরুল ইসলাম (৪০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বনানীর নেভি সদর দপ্তরসংলগ্ন রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতনামা নারীর (৩০) লাশ উদ্ধার করেন কমলাপুর রেলওয়ে থানার এসআই আজিজুল ইসলাম। ধারণা করা হচ্ছে, ওই নারী ট্রেনের ধাক্কায় মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক