চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আবদুল্লাহ (১৯) নামের এক শ্রমিক এবং স্বামীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানস ঘোষ (২৫) নামের এক ছাত্র মারা গেছেন। এ ছাড়া সবুজবাগে কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ ও বাড্ডায় ফরিদা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ চারজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী জানান, আগারগাঁওয়ে নির্মাণাধীন নয়তলা একটি ভবনের ছাদে কাজ করার সময় সকালে আবদুল্লাহ নিচে পড়ে যান। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে আবদুল্লাহ মারা যান।

এসআই হায়দার জানান, গেন্ডারিয়া থানার শাহ সাহেব লেনে অবস্থিত কারিগরি বিদ্যালয়ের ছাত্র মানস স্বামীবাগের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকালে পানির মোটরে বিদ্যুতের লাইন দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সবুজবাগ থানার উপপরিদর্শক আবদুল কাদীর জানান, পূর্ব রাজারবাগ কালীবাড়ি এলাকার একটি বাসায় পরিবার নিয়ে বাস করতেন কামাল হোসেন। গতকাল সকালে বাসার লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি জানান, কামালের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। গত মাসে গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কামালের গলা কাটার চেষ্টা করেছিল। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না। সংসার চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। অর্থ-সংকটে পড়ে পুরো পরিবার। পরিবারের সদস্যদের ধারণা, এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বাড্ডা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, উত্তর বাড্ডার মনোমি হাউজিংয়ের একটি বাড়ির ছয়তলার ফ্ল্যাটের মেঝে থেকে কিশোরী ফরিদার লাশ উদ্ধার করে পুলিশ। বাথরুমের গ্রিলের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল বলে বাসার লোকজন পুলিশকে জানিয়েছে। ফরিদা ওই বাসায় গৃহকর্মী ছিল। এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে বাসার লোকজন ও তার স্বজনেরা পুলিশকে জানিয়েছে।