চারজনের অস্বাভাবিক মৃত্যু
গতকাল পৃথক ঘটনায় নারীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন গৃহবধূ সুফিয়া মণ্ডল (১৯), পোশাকশ্রমিক আসমা বেগম (১৬), ছাত্রী সোনিয়া আক্তার (১৬) ও কলেজছাত্র সাজেদীস সালেহীন (১৯)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সুফিয়া তাঁর স্বামীর সঙ্গে তুরাগ থানার নলভোগে থাকতেন। গতকাল বেলা দেড়টার দিকে পুলিশ ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুফিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ তাঁর স্বামী জয়মণ্ডলকে আটক করেছে।
একই দিন বিকেল পাঁচটার দিকে পুলিশ মুগদা থানার দক্ষিণ মান্ডার বাসা থেকে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। আসমা স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিল। মুগদা থানার এসআই রেজাউল আলম আসমার বাবা রুহুল আমিনের বরাত দিয়ে বলেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আসমা গলায় ফাঁস লাগিয়ে আসমা আত্মহত্যা করে। দুপুরে মিরপুর থানার মনিপুরের ভাড়া বাসায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী সোনিয়া গলায় ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত আড়া থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা দেড়টার দিকে মৎস্য ভবনের মোড়ে রংধনু পরিবহনের একটি বাসে ওঠার সময় ওই বাসের সঙ্গে ধাক্কা খেয়ে ছাত্র সাজেদীস সালেহীন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।