চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গতকাল সোমবার শিশুসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের দুজন কর্মচারী মারা গেছেন। অজ্ঞান পার্টির কবলে পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। এ ছাড়া বঁটির ওপর পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাফরুল থানার ২৪/৩ বাইশটেকির বাসিন্দা হেলাল মিয়ার ছয় বছর বয়সী শিশু পুষ্প খাটের ওপর খেলা করছিল। একপর্যায়ে শিশুটি খাট থেকে পড়ে যায়। এ সময় মেঝেতে থাকা বঁটির ওপর পড়লে শিশুটির পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎ সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুটির মা রওশন আরা শিশুটিকে বুকে জড়িয়ে বিলাপ করতে থাকেন। মায়ের অনুরোধে চিকিৎ সক ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে পুষ্প ছিল সবার ছোট। ব্যাংক কর্মচারী নিহত: সন্ধ্যা সাতটার দিকে সোনালী ব্যাংকের সদরঘাট করপোরেট শাখার উপহিসাবরক্ষক রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ীর সড়ক ও জনপথ (সওজ) মোড় পার হচ্ছিলেন। এ সময় দাউদকান্দি পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি আহত হন। এক পুলিশ সদস্য তাঁকে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। রফিকুল সপরিবারে রায়েরবাগে থাকতেন।কুরিয়ার সার্ভিসের কর্মচারী নিহত: সকাল সাড়ে সাতটার দিকে বনানীর একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী আকতার পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। ২৭ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস বনানীর ১১ নম্বর রাস্তার মাথায় পেছন থেকে আকতারকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। আকতার সপরিবারে নগরের খিলক্ষেত থানার নামাপাড়ার তালেরটেকে থাকতেন। তার বাবার নাম আবদুল খালেক। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামে। অজ্ঞান পার্টির কবলে পড়ে বৃদ্ধের মৃত্যু: রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়া অজ্ঞাতনামা এক বৃদ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় গত রোববার মধ্যরাতে মারা গেছেন। হাসপাতাল সূত্র জানায়, পুরান ঢাকার ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে সময় পুলিশ বলেছিল, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। চিকিৎ সা চলাকালে চিকিৎ সকেরা তাঁর অসুস্থতার কারণ উল্লেখ করেন ‘আননোন পয়জনিং’। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বৃদ্ধ মারা যান। তাঁর পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশটি বেওয়ারিশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।