চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মিরপুরে পৃথক ঘটনায় দুই গৃহকর্মীর ও কামরাঙ্গীরচরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া মহাখালীর সেনাকল্যাণ মাঠ থেকে উদ্ধার হওয়া এক যুবকের লাশের পরিচয় এক সপ্তাহেও না পেয়ে লাশটি দাফনের জন্য গতকাল আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।দুই গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার: মিরপুর থানার পুলিশ জানায়, সেখানকার বড়বাগ এলাকার নাজমুল হুদার বাসায় তিন বছর ধরে কাজ করত রাবেয়া বেগম (১৬)। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গৃহকর্ত্রী শারমীন ইসলাম রান্নাঘরে রাবেয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাত তিনটার দিকে লাশটি উদ্ধার করেন। পুলিশের উপপরিদর্শক বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রতিবেশী এক যুবকের সঙ্গে রাবেয়ার প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানার রেতাইল এলাকায়। মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রাবেয়া সুলতানা সুমি (১৮) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা এ টি এম মোক্তার হোসেন পুলিশকে বলেছেন, পাশের বাড়ির এক শ্রমিকের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তিনি কয়েক দিন আগে সুমির বাবা আবদুল জব্বারকে জানালে মেয়েকে গালমন্দ করেন জব্বার। এরপর গত বুধবার রাতে একটি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি। মিরপুর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, চিরকুটে লেখা রয়েছে, ‘মা, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমাকে কেউ কোনো দিন বিশ্বাস করে নাই। আমার মনে অনেক দুঃখ। তাই আমি গলায় ফাঁস দিলাম।’ রাত আড়াইটায় সুমির লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটের মহিষকান্দি গ্রামে।গৃহবধূ হত্যার অভিযোগ: কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকার একটি বাসা থেকে গতকাল বিকেলে হাসনা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্ব্বামী সোহেল একটি বেকারি কারখানায় কাজ করেন। পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে সোহেল নিহত হাসনার বাবা আবুল হাশেমকে ফোন করে জানান, হাসনা গলায় ফাঁস দিয়েছেন।আবুল হাশেমের অভিযোগ, তাঁর মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্বামীর নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে হাসনা তাঁর বাসায় চলে আসেন। বুধবার সোহেল বুঝিয়ে-শুনিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যান।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর বাবাও থানায় কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পুরো ব্যাপারটি বোঝা যাবে।শ্রমিকের মৃত্যু: রামপুরার বনশ্রী এলাকায় গতকাল পাইলিংয়ের কাজ করার সময় আবদুর রাজ্জাক নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। দুপুর পৌনে তিনটার দিকে রেজাউল নামের এক সহকর্মী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রাজ্জাকের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বুবাইনগর গ্রামে।অজ্ঞাতপরিচয় লাশ: তেজগাঁও থানার উপপরিদর্শক এ এস এম শাহেদ বলেন, গত ৮ আগস্ট দুপুরে মহাখালীর সেনাকল্যাণ মাঠ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। তাঁর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির মতো, গায়ের রং শ্যামলা, মুখ লম্বাটে ও চোয়াল কিছুটা ভাঙা।উপপরিদর্শক বলেন, গত ৭ আগস্ট রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ কারণে আশপাশের বাসিন্দারা কিছুই দেখেনি। এ ছাড়া পুলিশ নানাভাবে চেষ্টা করেও নিহতের কোনো পরিচয় উদ্ধার করতে পারেনি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা ছিল। ব্যবসায়ী গুলিবিদ্ধ: শ্যামপুরের আলীবহর এলাকায় গতকাল বেলা দেড়টার দিকে মোবাইল ফোনকার্ডের বিক্রয় প্রতিনিধি কামরুল হাসানকে (২৫) গুলি করে টাকা-পয়সা লুটে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। ডান হাত ও পায়ে গুলিবিদ্ধ কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামরুল বলেন, গতকাল তিনি আলীবহর এলাকায় হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কাছ থেকে ফ্লেক্সিলোডের টাকা আদায় করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের আরোহী তিন যুবক তাঁর গতি রোধ করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কামরুল বাধা দিলে ছিনতাইকারীরা গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা টাকার ব্যাগ না নিয়ে পালিয়ে যায়।