চারজনের কারাদণ্ড এক প্রতিষ্ঠানের জরিমানা
অনুমোদনহীন ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি প্রতিষ্ঠানের চার কর্মচারীকে সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন। একই আদালত আরেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ গতকাল সোমবার রাজধানীর মৌচাক এলাকায় এই অভিযান চালান।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিযানে ঢাকা জেলা প্রশাসন ও মহানগর পুলিশ বিএসটিআইকে সহায়তা করে। আদালত মৌচাক এলাকার আহাদ বেকারিতে অভিযান চালিয়ে অ্যামোনিয়াম বাই কার্বনেট অতিরিক্ত ব্যবহার করে তীব্র ঝাঁজালো গন্ধযুক্ত বিস্কুট ও কেক উৎপাদনের প্রমাণ পান। এই বেকারির কর্মচারী মাসুম চৌধুরী, মো. মিলন, মো. কামাল হোসেন ও রুবেলকে সাত মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।বিএসটিআই সূত্র জানায়, এর আগেও ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।মৌচাক এলাকার অন্য ব্যবসাপ্রতিষ্ঠান সিয়াম হোটেলে খোলা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ম্যানেজার পারভেজ ভূঁইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।