চারটি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি আগ্নেয়াস্ত্রসহ রাজধানীর যাত্রাবাড়ী থেকে গত মঙ্গলবার রাতে শহীদুল ইসলাম ওরফে নিজামউদ্দীন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, শহীদুল অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এদিকে শহীদুল জানিয়েছেন, ঢাকার একজনের চাহিদামতো তিনি কুমিল্লা ও মহেশখালী থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি। গতকাল র্যাব-২-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী রেজা খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে মেজর এরশাদুল হকের নেতৃতে একটি দল সায়েদাবাদ ব্রাহ্মণাচরণ রোডে মোটরসাইকেলের আরোহী শহীদুলকে আটক করে। পরে তাঁর কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।র্যাবের হেফাজতে থাকা শহীদুল সাংবাদিকদের জানান, ঢাকার এক ব্যক্তির চাহিদা অনুযায়ী তিনি অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ওই অস্ত্রগুলো আনা হচ্ছিল। তিনি জানান, কুমিল্লার জনি নামের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে তিনি দুই লাখ টাকায় দুটি পিস্তল এবং মহেশখালীর নুরু মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকায় দুটি ওয়ান শ্যুটারগান সংগ্রহ করেন।র্যাব জানিয়েছে, শহীদুলের বিরুদ্ধে কোতোয়ালি তিনটি মামলা রয়েছে। তাঁর বাড়ি কুমিল্লা সদরের রংপুর গ্রামে।