চারটি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আবার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের চারটি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ৬ মে থেকে আবার অভিযান শুরু হবে। গতকাল বুধবার বিকেলে ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। অভিযান শুরু হবে মিরপুরে তুরাগ নদীর ভরাট করা জায়গা উদ্ধারের মাধ্যমে। বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র, তুরাগ ও বালু নদীর অংশে বা খাস জমিতে যেসব স্থাপনা পড়েছে সেগুলো যদি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে স্থাপনার মালিকদের কাছ থেকে অনাপত্তিপত্র গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয় এই সভায়। তবে নিয়ম অনুযায়ী, সব স্থাপনার মালিক বা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হবে। কেউ যদি আপত্তি জানিয়ে চিঠি দেয় তাহলে বৈধতা যাচাই করা হবে। প্রয়োজনে হাইকোর্টের কাছে দিকনির্দেশনা চাওয়া হবে। চার নদীর জরিপকাজে এবং অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুতে কিছু ভুল থাকতে পারে—এমন আলোচনাও হয় সভায়। বৈঠকে উপস্থিত ঢাকা জেলা প্রশাসক মো. মজিবুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সরকারি-বেসরকারি যেসব স্থাপনার স্থায়ী বন্দোবস্ত রয়েছে, সেগুলোর মালিক বা কর্তৃপক্ষকে আপত্তি জানানোর সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মো. মজিবুল হক আরও বলেন, সদরঘাট টার্মিনাল অনুমোদিত। আর এ ধরনের জনস্বার্থমূলক অন্যান্য স্থাপনার বিষয়টি বিবেচনায় রাখা হবে। নদীবিষয়ক টাস্কফোর্সের সভায়ও এ নিয়ে আলোচনা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেখানেও আপত্তিপত্রের ভিত্তিতে পুনঃপরীক্ষার কথা বলা আছে বলে জেলা প্রশাসক জানান। বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবদুল মালেক মিয়া। সভায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঢাকার চারপাশের নদীগুলো অবৈধ দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ নামে সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে আদালত রুলনিশি জারি করেন। আদেশে বলা ছিল, ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ বিলিবন্দোবস্ত ছাড়া কোনো দখলদার থাকলে তাকে অবিলম্বে উচ্ছেদ করবে। পরে তালিকা প্রস্তুতের জন্য আরএস (রিভাইসড সার্ভে) জরিপ যুক্ত করা হয়। এর মাধ্যমে আদালত শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।