চারটি হোটেলের সঙ্গে ডেইলি স্টারের চুক্তি
দেশের শীর্ষস্থানীয় চারটি হোটেলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। চুক্তি অনুযায়ী ওই সব হোটেলের গ্রাহকদের এই ইংরেজি দৈনিকটি সরবরাহ করা হবে। ডেইলি স্টারও এসব হোটেল নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ নিয়মিত প্রকাশ করবে। গতকাল সোমবার রাজধানীর ডেইলি স্টার কমপ্লেক্সে সোনারগাঁও হোটেল, হোটেল রূপসী বাংলা, দি ওয়েস্ট ইন ঢাকা ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে ডেইলি স্টার কর্তৃপক্ষ এই চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সহযোগী হোটেলগুলোতে আগত বিখ্যাত ব্যক্তি বা এসব হোটেলের নানা সেবা নিয়ে আলাদাভাবে সংবাদ পরিবেশন করবে ডেইলি স্টার। তবে তার মানে এই নয়, হোটেলগুলো কোনো নেতিবাচক কাজ করলে সেই সংবাদ প্রকাশ করা হবে না। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে অভিজাত হোটেলগুলো ও ডেইলি স্টার একসঙ্গে কাজ করবে, এটা শুভ সংবাদ। পরিকল্পিত ও টেকসই পর্যটনশিল্পের বিকাশে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। সোনারগাঁও হোটেলের মহাব্যবস্থাপক এলড্রিজ জে ম্যাক ইওন তাঁর বক্তৃতার শুরুতে বাংলা ভাষায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পর্যটন হচ্ছে এমন একটি শিল্প, যার সঙ্গে একটি দেশের প্রতিটি নাগরিক যুক্ত। এলড্রিজ জে ম্যাক ইওন আরও বলেন, বিমানবন্দর থেকে শুরু করে হোটেলে যাওয়া পর্যন্ত একজন পর্যটকের প্রতিটি বিচরণক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ওয়েস্ট ইন হোটেলের মহাব্যবস্থাপক আজিম শাহ বলেন, কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রাখা সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এ খাতে সংবাদপত্রগুলোর এগিয়ে আসার বিষয়টি ইতিবাচক।