চালকদের প্রশিক্ষণ ও আইনের কঠোর প্রয়োগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান আইন আধুনিক করতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এ ছাড়া চালকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ইসলামী জোট আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালক এবং যাত্রীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের দেশের মোটরযান আইন অনেক পুরোনো। একে যুগোপযোগী করতে হবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালালে যেন শাস্তি পেতে হয়, সে ব্যবস্থা রাখতে হবে।সড়ক দুর্ঘটনা দেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, রাস্তায় গাড়ি চালাতে গেলে কী কী নিয়ম জানতে হবে, তা চালকেরা জানেন না। এর পাশাপাশি বাসমালিক ও চালকদের অতিমাত্রায় লোভও দুর্ঘটনার জন্য দায়ী। কত বেশি লোক নেওয়া যাবে, কত ট্রিপ দেওয়া যাবে—এসব প্রতিযোগিতা চলে রাস্তায়। সাধারণ যাত্রীরা এর শিকার। এ ছাড়া কেউ গাড়ি চালাতে পারলেই চালকের লাইসেন্স দেওয়া উচিত নয়। ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে তাঁদের অনেক কিছু জানা প্রয়োজন।‘নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দুর্ঘটনার জন্য এককভাবে কোনো মন্ত্রণালয় দায়ী নয়। বিষয়টির সঙ্গে অনেক মন্ত্রণালয় সম্পৃক্ত। এ ছাড়া গাড়িচালকদের নিয়োগে রয়েছে পদ্ধতিগত ভুল। সঠিক পদ্ধতিতে লেখাপড়া জানা চালক তৈরি করতে না পারলে দুর্ঘটনা রোধ করা যাবে না। ট্রিপভিত্তিক গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে। চালকদের প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে। জনসচেতনতার ওপর জোর দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। সব প্রচারমাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে যাত্রীদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। দুর্ঘটনার জন্য এককভাবে কোনো মন্ত্রণালয়কে দায়ী করা যাবে না। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ নিতে হবে।সড়ক দুর্ঘটনার জন্য কেবল বাসমালিক ও চালকেরা দায়ী নয় উল্লেখ করে সড়ক পরিবহন মালিক সমিতির সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ বলেন, সড়ক ব্যবস্থাপনায় নানা সমস্যা রয়েছে। দেশীয় অনেক মোটরযান মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচলে বিঘ্ন ঘটায়। সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, জোটের সহসভাপতি মুফতি জোবায়েদ আলী, গাড়িচালক সিরাজুল ইসলাম প্রমুখ। সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান সভায় সভাপতিত্ব করেন।