রাজধানীর অদূরে আমিনবাজারের সালেপুর সেতু থেকে পানিতে পড়ে যাওয়া বৈশাখী পরিবহনের বাসটির আর কোনো যাত্রী নিখোঁজ নেই বলে দাবি করেছে পুলিশ। তবে অনুসন্ধানে জানা গেছে, এখনো বাসচালক আবদুল খালেকের কোনো খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ রয়েছেন ইসলাম আলী নামে আরেক যাত্রী। গত ১০ অক্টোবর বাসটি ডুবে যায় তুরাগ নদীতে। তিন দিন চেষ্টার পর এটি ডাঙায় তোলা হয়। এ ঘটনায় নিহত হন ১৪ যাত্রী। তাঁদের মধ্যে ১০ যাত্রীর লাশই পাওয়া যায় আশপাশের এলাকায় ভাসমান অবস্থায়। বাসটিতে যাত্রীসংখ্যা কত ছিল, তা এখনো কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।খালেকের খোঁজে পরিবার: ‘আমরা তো তারে পাইলাম না। এত খুঁজলাম। অন্তত লাশটা পাওয়া গেলেও একটা সান্ত্বনা ছিল। এখন তো বিশ্বাসও করতে পারি না সে মারা গেছে। আবার বেঁচে আছে এমন আশাও আর দেহি না।’ হতাশা আর ব্যর্থতায় ভেঙে পড়া বাসটির চালক আবদুল খালেকের বড় ভাই আবদুল মালেক এভাবেই নিজের কষ্টগুলোর কথা বলেন প্রথম আলোকে। ছয় বছরের মেয়ে খালেদাকে নিয়ে খালেকের স্ত্রী আকলিমা এখন চরম অনিশ্চয়তায়। খালেককে মৃত হিসেবে ভাবতে রাজি নন তিনি।খালেকের খোঁজে তিন দিন রাস্তার ওপরই ছিলেন তাঁর মা জাহানারা বেগম। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়েছেন। খালেকের ছোট ভাই হিউম্যান হলারচালক বারেক জানান, যে দিন ডিউটি থাকত সে দিন সকাল ছয়টার দিকেই বাসা থেকে বের হয়ে যেতেন খালেক। সে দিনও সকালে বাসা থেকে বের হয়ে যান একটি লাল শার্ট আর কালো প্যান্ট পরে।এদিকে এ ঘটনায় গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকার বাসিন্দা ইসলাম রাশেদুল তাঁর বাবা ইসলাম আলী নিখোঁজ রয়েছেন বলে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।তবে গত শুক্রবার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ধরনের কোনো ডায়েরির বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে দুর্ঘটনার পর দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শামসুজ্জামান জানান, বাস উদ্ধারের বেশ কয়েক দিন পরও পুলিশ লাশের জন্য খোঁজাখুঁজি করেছে। কোনো লাশ পাওয়া যায়নি। আর কেউ নিখোঁজ থাকার কোনো তথ্য পুলিশের কাছে নেই।কত যাত্রী ছিল: বাসটির ভেতরে কত যাত্রী ছিল তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছিলেন, বাসে দাঁড়ানো কোনো যাত্রী ছিল না। কয়েকটি আসনও খালি ছিল। তবে ৫২ আসনের বাসটিতে কতজন যাত্রী ছিল, তা বলতে পারেননি কেউই।বৈশাখী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এম জে এ মামুন জানান, বাসচালকের সহকারী (হেলপার) কামাল বেঁচে গেছেন। বাসে তখন মাঝামাঝি যাত্রী ছিল বলে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। দুর্ঘটনার পর এক দিন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কামাল। এরপর তাঁর স্বজনেরা এসে তাঁকে নিয়ে গেছে। তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।তবে বৈশাখী বাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় বাসে ২০-২৫ জন যাত্রী থাকে। কর্তৃপক্ষের হিসাব ধরলেও এখনো নিখোঁজ থেকে যান অনেক যাত্রীই।