চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের নীতি ও আদর্শে একাত্ম ব্যক্তিরা দুজনের অকালমৃত্যু মেনে নিতে পারছেন না। তাঁরা বলছেন, সড়ক দুর্ঘটনার দায় সরকার ও বিরোধী দলকে নিতে হবে। আর চালককে দিতে হবে মৃত্যুদণ্ড।গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রজন্ম ’৭১ আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি ও প্রজন্ম ’৭১-এর সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া চলছে। ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী, যুদ্ধাপরাধের সাক্ষ্যপ্রমাণ পাওয়া দুষ্কর। বিশেষ ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য-উপাত্তের যাঁরা জোগান দিতে পারতেন, সেই দুজনকেই আমরা হারিয়ে ফেলেছি। ফলে এ বিচারপ্রক্রিয়া হোঁচট খেল।’শহীদজায়া সালমা হক বলেন, ‘তাঁদের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’ অভিনেত্রী ও প্রজন্ম ’৭১-এর সহসভাপতি শমী কায়সার বলেন, এ ধরনের দুর্ঘটনা, বেহাল যোগাযোগব্যবস্থার দায় সরকার ও বিরোধী দলকে নিতে হবে।বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন ও আমরা মুক্তিযুদ্ধের সন্তান সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন সভায় বক্তব্য দেন।