চালকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিল্লাল হোসেনের মৃত্যুর জন্য দায়ী বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে ওই মানববন্ধন থেকে তিন দিনের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সাত দফা দাবি জানানো হয়।গত মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র বিল্লাল।এ ঘটনার জন্য দায়ী বাসচালকের শাস্তির দাবিতে গতকাল সকালে কালো ব্যাজ পরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সাত দফা দাবি জানান। চালকের শাস্তি ও ক্ষতিপূরণ ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হলো: বিমানবন্দর সড়কে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ৩০ কিলোমিটার করা, নিহত বিল্লালের পরিবারের অন্তত একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।মানববন্ধন চলাকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সা’দ উদ্দিন আহমেদ বলেন, এখন অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, যে কেউ যেকোনো মুহূর্তে গাড়ির নিচে পড়ে মারা যেতে পারে। এ জন্য তিনি অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, বাসের হেলপাররা চালক হয়ে যায়, টাকার বিনিময়ে লাইসেন্স পাওয়া যায়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘কেন সড়ক দুর্ঘটনা হয় তা সবাই জানে। আমরা ১৭ বছর ধরে সরকারকে এসব বিষয় বলে আসছি। কিন্তু কোনো সরকারই সড়ক দুর্ঘটনা রোধে কোনো ব্যবস্থা নেয়নি।’ মানববন্ধন চলাকালে নিহত বিল্লালের আত্মার শান্তি কামনা করে এক মিনিটি নীরবতা পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ হয়।