সিএনজি অটোরিকশার চালকেরা আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। কিন্তু সরকার নির্বিকার। ভাড়া বাড়িয়ে চালকদের দৌরাত্ম্য বন্ধের যে উদ্যোগ সরকার নিয়েছিল, তা অকার্যকর হয়ে পড়ছে। ভ্রাম্যমাণ আদালত বন্ধ হয়ে যাওয়ায় চালকেরা নিয়মনীতি মানছেন না, বাড়তি ভাড়া আদায় করছেন।গতকাল বুধবার দুপুরে ফার্মগেট এলাকায় দেখা যায়, ঢাকা মেট্রো থ-১২-৮৯৭৫ নিবন্ধন নম্বরের সিএনজির চালক চারজন যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে নিতে অস্বীকৃতি জানান। মিরপুর-১ নম্বরের বাসিন্দা হাদিসুল ইসলাম অভিযোগ করেন, আট-দশজন চালককে অনুরোধ করেও যাওয়ার জন্য রাজি করাতে পারেননি। সকালে মিরপুর থেকে ১০০ টাকার চুক্তিতে অটোরিকশা ভাড়া করে এসেছিলেন। চালক মোতালেব হোসেন বলেন, খাওয়া-দাওয়ার সময় বলে মিরপুর যেতে রাজি নন। কোথায় যেতে চান জানতে চাইলে তাঁর সোজা উত্তর, ‘এখন কোথাও যাব না।’ এর আগে বেলা ১১টায় বনানীর কাকলী মোড়ে অটোরিকশায় ওঠার মুহূর্তে কথা হয় শামীম আহমেদের সঙ্গে। রোগী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পাঁচজন চালককে রাজি করাতে পারেননি। শেষে ঢাকা মেট্রো থ-১২-২৮৬৪ নিবন্ধন নম্বরের অটোরিকশা ভাড়া করেন ১৫০ টাকায়। চুক্তিতে যাত্রী বহন করার কারণ জানতে চাইলে চালক আসাদুল্লাহ বলেন, ‘কয়েক দিন মিটারে যাত্রী বহন করেছি। এখন কেউ মানে না বলে আমিও মানি না।’পাশে দাঁড়ানো ব্যাংক-কর্মকর্তা মশিউর রহমান উত্তেজিত হয়ে বলেন, ‘ওদের জেলে না পাঠালে ঠিক হবে না। সরকার ব্যবস্থা না নিলে জনগণ আইন হাতে তুলে নেবে।’বিআরটিএর হিসাব অনুযায়ী, বনানী থেকে শাহবাগের দূরত্ব সাত কিলোমিটার। নির্ধারিত হারে মিটারে গেলে এই পথের ভাড়া ৬০ টাকা। ওয়েটিংয়ে (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যালে বাড়তি সময় গেলে) ১৫ মিনিট ব্যয় হলে আরও যোগ হবে ১৯ টাকা। সব মিলিয়ে ভাড়া আসে বড়জোর ৭৯ টাকা। নতুন ভাড়ার ব্যবস্থা কার্যকর করার জন্য ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তখন অবস্থার কিছুটা উন্নতি হয়। কিছু চালক মিটার অনুযায়ী যাত্রী বহন করতে থাকেন। ২০ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বন্ধ আছে। বিআরটিএর একজন ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করলেও তা কোনো কাজে আসছে না। ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন বলেন, বিআরটিএ চাইলে আবারও আদালত শুরু হতে পারে।গত বছরের ৪ নভেম্বর সরকার তৃতীয়বারের মতো অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে সময় মিটার অনুযায়ী গন্তব্যে যাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটার কারসাজি (টেম্পারিং) না করা, চালকের কাছ থেকে নির্ধারিত হারের বেশি জমা আদায় না করাসহ বেশ কিছু সিদ্ধান্ত মানার বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠন, বিআরটিএ এবং পুলিশের মধ্যে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়। তবে ১৬ জানুয়ারি থেকে নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পর চালক-মালিকেরা চুক্তি অমান্য করলেও সরকার মালিকের রুট পারমিট এবং চালকের লাইসেন্স বাতিল করছে না। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, ৯ মার্চ যোগাযোগমন্ত্রী অটোরিকশার মালিক-শ্রমিক ও পুলিশকে নিয়ে বৈঠক ডেকেছেন। এই বৈঠকে কঠোর সিদ্ধান্ত আসবে। মগবাজারের সিএনজি অটোরিকশার মালিক বশিরা আখতার প্রথম আলোকে বলেন, ‘এত দিন চালকেরা বলত মালিক জমা বেশি নেয়। কিন্তু এখন মালিকেরা আইন মানছে। চালকেরা মানছে না। ভ্রাম্যমাণ আদালত চালকের দোষে অটোরিকশা জব্দ করছেন, এতে ক্ষতি মালিকের।’ বর্তমানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা। প্রতি মিনিট ওয়েটিংয়ের জন্য বাড়তি ভাড়া এক টাকা ২৫ পয়সা। মালিকের জন্য দৈনিক জমা ৬০০ টাকা।