চালু হচ্ছে তারবিহীন ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী শিগগিরই বিনা মূল্যে তারবিহীন ইন্টারনেট (ওয়াইফাই) সুবিধা পেতে যাচ্ছেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ শুরু করছে। গতকাল শনিবার এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।গতকাল বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান। তাঁরা পুরো ক্যাম্পাসকে নেটওয়ার্কিংয়ের আওতায় এনে তারবিহীন ইন্টারনেট চালু করতে বিভিন্ন পরামর্শ দেন এবং এ বিষয়ে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানান।মুহম্মদ জাফর ইকবাল বলেন, ইন্টারনেট চালু হলে পুরো ক্যাম্পাসের চেহারাই বদলে যাবে। শিক্ষার্থীরা তখন তথ্যপ্রযুক্তি নিয়ে মেতে থাকবেন।মুনীর হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটে যে টাকা ব্যয় হয়, তা দিয়েই এখানে তারবিহীন ইন্টারনেট-সুবিধা পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি কমিটির সদস্য মিজানুর রহমান জানান, সব বিভাগ, লাইব্রেরি, প্রশাসনিক কার্যালয়সহ মোট ৩৪টি পয়েন্টে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটসেবা পৌঁছে দেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত জাহাঙ্গীর, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কাজী সাইফুদ্দিন প্রমুখ।