চাহিদার তুলনায় গণপরিবহন কম
চাহিদার চেয়ে গণপরিবহন কম থাকার কারণেই ঈদযাত্রায় হয়রানি ও ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটে বলে মনে করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
গতকাল শুক্রবার সকালে ‘ঈদযাত্রায় দুর্ভোগ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা জানান। সভার প্রধান অতিথি সাবেক যোগাযোগসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, টিকিট ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে ঈদ ব্যবস্থাপনায় গলদ রয়েছে। এ কারণে পদে পদে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। এই ভাড়া নৈরাজ্য প্রতিরোধে বিআরটিএ ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রতিবছর ঈদে গতানুগতিক পদ্ধতিতে মনিটরিং কমিটি গঠনের ঘোষণা দেওয়া হলেও প্রকৃতপক্ষে কোথাও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দুর্ভোগের শিকার যাত্রীরা রাস্তায় আহাজারি করলেও কারও সহযোগিতা মেলে না। ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের ১০টি গুরুত্বপূর্ণ স্পটে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের ঘোষণা দিলেও এখনো তাদের অস্তিত্ব মেলেনি। এসব স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত না হলে সড়কে শৃঙ্খলা রক্ষার পরিবর্তে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও প্রতিবছর ঈদ আনন্দ যাত্রায় ভোগান্তি, হয়রানি, ভাড়া নৈরাজ্যসহ নানাভাবে যাত্রীসাধারণ হয়রানির শিকার হন।
যাত্রী কল্যাণ সমিতির একটি সমীক্ষা তুলে ধরে তিনি বলেন, দেশে চলাচলরত যাত্রীদের চাহিদার বিপরীতে স্বাভাবিক সময়ে গণপরিবহনে ৩৭ দশমিক ৪৪ শতাংশ ঘাটতি রয়েছে।প্রতি বৃহস্পতিবার বা সরকারি ছুটির আগের দিন এই ঘাটতির পরিমাণ ৫১ দশমিক ৩২ শতাংশে পৌঁছায়। প্রতি ঈদে ২২ থেকে ২৭ রমজান পর্যন্ত এই গণপরিবহনে ঘাটতির পরিমাণ ৮৭ দশমিক ৮৯ শতাংশ হলেও ২৭ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত বিদ্যমান গণপরিবহনে ১০ গুণ বেশি যাত্রী যাতায়াত করে থাকেন। এই সময় যাত্রীদের চাহিদার তুলনায় গণপরিবহনের সংকট দাঁড়ায় ৩৭৪ দশমিক ৪৪ শতাংশ পর্যন্ত।
প্রায় প্রতিটি মহাসড়কে চলমান উন্নয়ন কর্মযজ্ঞ, বিভিন্ন মহাসড়কে রাস্তার মাঝে সৃষ্ট গর্ত, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলমান উড়ালসড়ক নির্মাণ, বিভিন্ন রোডের বিভিন্ন স্পটে রাস্তার ওপর বসা হাটবাজার এবারের ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে বলে উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি।