চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু
রাজধানীর সায়েদাবাদে জনপথ রোডের চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনে দাঁড়াল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ যে দুজন মারা গেছেন, তাঁরা হলেন মো. আবুল কালাম (৫০) ও মো রিপন জমাদার (৪০)। গত রোববার বিকেলে মারা যান বিশ্বনাথ দত্ত।
আবুল কালাম ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। তিনি পেশায় রংমিস্ত্রি। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে জুরাইনে থাকতেন। সিলিন্ডার বিস্ফোরণে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্যদিকে রিপন জমাদার (৪০) পেশায় ছিলেন ভ্যানগাড়ির চালক। বিস্ফোরণে তাঁর শরীরের ৬০ ভাগ পুড়ে যায়।
১৩ নভেম্বর চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় দোকানে যাঁরা ছিলেন, সবাই দগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। ওই ঘটনায় দগ্ধ ছয়জনের পাঁচজনের অবস্থাই ছিল আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন কবির হোসেন ও শফিকুল ইসলাম। কবিরের শরীরের ৮৫ শতাংশ এবং শফিকুলের ৭৮ শতাংশ পুড়ে গেছে। শামসুদ্দিন রবিন নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।